প্রায় এক বছর ধরে ঝুলে থাকা সাতটি জাতীয় সড়ক প্রকল্পে অবশেষে ছাড়পত্র দিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে জারি হওয়া প্রেস নোটে জানানো হয়েছে, জাতীয় সড়কের সাতটি গুরুত্বপূর্ণ অংশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (NHIDCL) হাতে তুলে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য। রাজ্যের পূর্ত দফতরের অধীনে থাকা এই রাস্তার প্রকল্পগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে বারবার অনুরোধ সত্ত্বেও আনুষ্ঠানিক হস্তান্তর না হওয়ায় উন্নয়নমূলক কাজ শুরু করা যাচ্ছিল না বলেই দাবি করা হয়েছে নোটে। এ দিনের সিদ্ধান্তে সেই জট কাটলো বলে মনে করছে প্রশাসনিক মহল।
যে সাতটি জাতীয় সড়ক অংশ হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে বিস্তৃত NH-312। জঙ্গিপুর থেকে ঘোজাডাঙা সীমান্ত পর্যন্ত প্রায় ৩৩০ কিলোমিটারের এই রাস্তা বাংলাদেশ সীমান্ত সংযোগে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, বিহার সীমান্ত থেকে গাজোল পর্যন্ত NH-31 এবং ফারাক্কা পর্যন্ত NH-33-ও NHAI-এর হাতে যাচ্ছে। উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার দায়িত্ব যাচ্ছে NHIDCL-এর হাতে। সেভক থেকে কালিম্পং সীমান্ত পর্যন্ত নতুন NH-10, হাসিমারা থেকে জয়গাঁও হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত NH-317A, চ্যাংরাবান্ধা হয়ে বাংলাদেশ সীমান্তমুখী NH-717 এবং শিলিগুড়ি-কার্শিয়াং-দার্জিলিং সংযোগকারী NH-110 এই তালিকায় রয়েছে।
নবান্নের দাবি, এই সিদ্ধান্তের ফলে দার্জিলিং পাহাড়, ডুয়ার্স, উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও মজবুত হবে। পাশাপাশি মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত এগোবে।
প্রেস নোটে আরও জানানো হয়েছে, রাজ্য সরকার গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো প্রকল্পের দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি যাতে দ্রুত কাজ শুরু করতে পারে, সেই পথই এই সিদ্ধান্তে পরিষ্কার হল বলে মত প্রশাসনের।
#highway
#WestBengal
#connectivity