🏺অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগ, জামুড়িয়া BDO দপ্তরে তালা লাগিয়ে দিল বিক্ষোভকারীরা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কথিত অনিয়ম এবং যোগ্য উপভোক্তাদের আবেদন আচমকা বাতিল করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জামুড়িয়া BDO দপ্তরে জোরদার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা BDO দপ্তরের মূল গেটে তালা লাগিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বহু প্রকৃত ও দরিদ্র উপভোক্তার আবেদন আচমকা রিজেক্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে, যাঁরা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের পরিবারের সদস্যরা এই সুবিধা পাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে কয়েকজন পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা।
তাঁদের দাবি, এর আগে বহু উপভোক্তা নিয়মিতভাবে প্রকল্পের টাকা পেয়েছেন। কিন্তু চলতি মাসে আচমকাই তাঁদের আবেদন রিজেক্ট হয়ে যায়। রিজেকশনের কারণ জানতে সকাল প্রায় ১০টা থেকেই তাঁরা BDO দপ্তরে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বেলা সাড়ে ১১টা পর্যন্ত দপ্তরে কোনও আধিকারিক বা ডি-গ্রুপের কর্মীকে দেখা যায়নি। এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দপ্তরের গেট বন্ধ করে সেখানে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। পরে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জয়েন্ট BDO ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন। বিক্ষোভকারীদের মূল দাবি, যাঁদের আবেদন রিজেক্ট করা হয়েছে, তাঁদের প্রত্যেককে বাতিলের সঠিক কারণ জানাতে হবে। তাঁদের অভিযোগ, ভেরিফিকেশনে কোনও ভুল হয়ে থাকলে BDO আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করা উচিত এবং প্রকৃত যোগ্য উপভোক্তারা যাতে প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারী সৌমিত্র চট্টোপাধ্যায়, তোরসি গ্রামের বাসিন্দা, বলেন, এখানে যাঁরা দাঁড়িয়ে রয়েছেন তাঁদের পরিস্থিতি দেখলেই বোঝা যায় তাঁরা প্রকৃতপক্ষে প্রয়োজনীয় সুবিধার দাবিদার। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, যোগ্য সকল মানুষকে প্রকল্পের সুবিধা দেওয়া হোক এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হোক।
এখন জয়েন্ট BDO-র সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। #AnnapurnaBhandar #protest #Applicant #BDO #beneficiaries #BJPGovernment