Press Note
রাজ্য বিজেপি প্রধান কার্যালয়, ৬ মুরলীধর সেন লেন, কলকাতা
তারিখ: ১৫ই মে, ২০২৬
মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা: কারাগারে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি ও আরজি কর কাণ্ডে বড় প্রশাসনিক পদক্ষেপ
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংশোধনাগারগুলিতে বেআইনি কার্যকলাপ এবং আরজি কর ঘটনার তদন্ত নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, পূর্ববর্তী সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে “রক্ষকই ভক্ষক” পরিস্থিতি তৈরি হয়েছিল এবং অপরাধীদের সঙ্গে প্রশাসনের একাংশের যোগসাজশ গড়ে উঠেছিল। সেই দুষ্টচক্র ভাঙতেই বর্তমান সরকার ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী জানান, প্রেসিডেন্সি কারেকশনাল হোমে বিপুল পরিমাণ মোবাইল ফোন, এমনকি স্মার্টফোন ব্যবহারের অভিযোগ আসে বন্দিদের আত্মীয়দের কাছ থেকে। অভিযোগ পাওয়ার পরই ডিজি কারেকশনাল হোম শ্রী এন. রমেশ বাবুকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি এবং কলকাতা পুলিশের সহযোগিতায় তৎপর হতে নির্দেশ দেওয়া হয়।
ডিজি (কারা) শ্রী এন. রমেশ বাবু জানান, কলকাতা পুলিশের সহযোগিতায় প্রেসিডেন্সি জেলে আকস্মিক অভিযান চালানো হয়। ১০টি বিশেষ টিম গঠন করে প্রায় ৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে বিভিন্ন গোপন জায়গা থেকে মোট ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কীভাবে এই মোবাইলগুলি জেলের ভিতরে প্রবেশ করল, কারা ব্যবহার করছিল এবং কার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল—তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, এই ঘটনার তদন্ত সিআইডির হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রশাসনিক গাফিলতির অভিযোগে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের সুপারিন্টেন্ডেন্ট শ্রী এন. কুজুর এবং চিফ কন্ট্রোলার শ্রী দীপ্ত ঘোড়াইকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।
এছাড়াও আরজি কর ঘটনার তদন্তে গুরুতর প্রশাসনিক ত্রুটি, এফআইআর ও তদন্তে গাফিলতি এবং নির্যাতিতার পরিবারের কাছে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগের ভিত্তিতে তিনজন আইপিএস আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন—শ্রী বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত।
মুখ্যমন্ত্রী বলেন, নারী সমাজ ও মাতৃশক্তির প্রতি সম্মান জানিয়ে সরকার কোনওভাবেই এই ধরনের ঘটনার সঙ্গে আপস করবে না। “অভয়া” ঘটনা সমগ্র রাজ্যকে নাড়িয়ে দিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মিডিয়া বিভাগ, পশ্চিমবঙ্গ বিজেপি
#press
#media
#CorrectionalHome
#jail
#KolkataPolice
#justice
#strict
#decision